আগরতলা, ৭ অক্টোবর, ২০২৬: যাত্রাপুর থানার থলিবাড়ি এলাকায় আইজির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এডিসি ভিলেজ নির্বাচনের ফল ঘোষণা ও ভোট গণনাকে কেন্দ্র করে গত ৫ অক্টোবর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ, ভোট গণনায় বাধা দেওয়ার চেষ্টা করে তিপ্রা মথার একাংশের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়। ভোট গণনার সময় ঘটনাস্থলে উপস্থিত আইজির গাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। পরে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক ও সোনামুড়ার এসডিপিও অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে পিন্টু ত্রিপুরা ওরফে গুড্ডু (২৫) এবং হরিচরণ ত্রিপুরা (৩৯)-কে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কয়েকজনের নাম সামনে এসেছে। তদন্ত চলছে।