• ইংরেজি শিক্ষা কতোটুকু হলো?
  • রাজা দেবরায়

এই প্রশ্নটি আজকের সময়ে খুবই প্রাসঙ্গিক। বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে একটি ইংরেজি দরখাস্ত লিখতে গেলেই আমরা আটকে যাই। অথচ আমরা প্রত্যেকেই স্কুলে বারো বছর ইংরেজি পড়েছি, পরীক্ষায় আশি-নব্বই নম্বরও পেয়েছি। তাহলে এই অক্ষমতা কেনো? 

সমস্যাটা শিক্ষা পদ্ধতিতে। আমাদের স্কুলে ইংরেজি ভাষা হিসেবে শেখানো হয় না, পরীক্ষায় পাশ করার কৌশল হিসেবে শেখানো হয়। পুজোর অনুমতি, অসুস্থতার ছুটি, সম্পাদকের কাছে চিঠি- সবকিছুই আমরা নোট কিনে মুখস্থ করি অথবা কখনো কখনো স্কুলেও লেখানো হয়। পরীক্ষার খাতায় হুবহু লিখে ভালো নম্বর পাই, কিন্তু পরীক্ষার হলের বাইরেই সেই বিদ্যার মৃত্যু হয়। ভাষা তো ইতিহাসের মতো তথ্য নয়, ভাষা হলো সাইকেল চালানোর মতো একটি দক্ষতা। বই মুখস্থ করে কেউ সাইকেল চালাতে পারে না।

শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে বলে Rote Learning বনাম Functional Learning। আমরা ইংরেজিকে বোধ দিয়ে শিখিনি, মুখস্থ দিয়ে পার করেছি। তাই আমাদের Competence আছে, Performance নেই। আমরা গ্রামার জানি, কিন্তু প্রয়োগ করতে জানি না। এর মূল কারণ হলো ভয়। ক্লাসে ইংরেজি ভুল বললেই হাসাহাসি হয়। শিক্ষকরাও প্রায়শই বাংলাতেই ইংরেজি বোঝান। ফলে ইংরেজি আমাদের কাছে একটি আতঙ্কের বিষয় হয়ে থেকে যায়।

এই সংকট থেকে বেরোনোর উপায় একটাই- প্রয়োজনভিত্তিক শিক্ষা। শেক্সপিয়র বা ওয়ার্ডসওয়ার্থের আগে ছাত্রকে শেখাতে হবে কীভাবে নিজের বাড়ির বা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে একটি দরখাস্ত নিজের ভাষায় লিখবে। একটি বাঁধা ফরম্যাট মুখস্থ না করিয়ে, তাঁকে দিয়ে লিখিয়ে তাঁর ভুল সংশোধন করে দিতে হবে। ভুল করতে দিতে হবে। ভুল করাটা অস্বাভাবিক নয়। লেখার সাহস সঞ্চয় করাতে হবে।

আসলে ইংরেজিতে বা বাংলাতেও দরখাস্ত লিখতে না পারাটা লজ্জার নয়, লজ্জার হলো বারো বছর পড়েও না পারাটাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া। নোট মুখস্থ করে ভালো নম্বর পেলেও, বোধের ঘরে প্রশ্নটি থেকেই যায়- আদতে কতটুকু ইংরেজি শিক্ষা হলো?


About The Writer:

Sri Raja Debroy 

Born on May 18th in Agartala, renowned writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -

  • 150 Years of Umakanta Academy, 
  • Chhandapatan ,
  • Char Line Hoye Jak,  
  • Electoral Reforms ,
  • Thoughtful Poems, 
  • and Kalpana Ki Duniya ( Hindi)