কৈলাশহরের জলাই গ্রামের সৌরভ সিনহার গৌরবময় সাফল্য

কৈলাশহর, ১২ সেপ্টেম্বর, ২০২৬: কৈলাশহরের জলাই গ্রামের তরুণ সৌরভ সিনহা এক গৌরবময় সাফল্য অর্জন করে নিজের পরিবার, গ্রাম তথা সমগ্র কৈলাশহরের নাম উজ্জ্বল করেছেন। অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA), গয়া থেকে সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন।

সৌরভের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও দেশসেবার অদম্য মানসিকতা। প্রশিক্ষণ পর্বে কঠিন সামরিক অনুশীলন ও নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে তিনি এই মর্যাদাপূর্ণ অর্জন করেছেন।

সৌরভ সিনহার লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভের খবর ছড়িয়ে পড়তেই জালাই গ্রামসহ কৈলাশহর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, এলাকার তরুণ প্রজন্মের কাছেও এক অনুপ্রেরণার বার্তা। দেশের সেবায় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে সৌরভ আগামী দিনে আরও সাফল্য অর্জন করবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

সৌরভ সিনহার এই গৌরবময় সাফল্যে জলাই গ্রামের মানুষ গর্বিত। দেশের প্রতি তাঁর নিষ্ঠা ও কর্তব্যবোধ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।