আগরতলা, ৬ অক্টোবর, ২০২৬:বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের ৩৬ বছরের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বিএসএফের ৪০ ব্যাটেলিয়নে কর্মরত প্রেমজয় দিল্লিতে কর্তব্যরত অবস্থায় সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে ক্যাম্পে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোক বা হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার প্রয়াত জওয়ানের মরদেহ এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা মরদেহ নিয়ে রাঙ্গুটিয়ার বাড়িতে পৌঁছান। মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষযাত্রায় হাজারো মানুষ অংশ নিয়ে বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।