যে মানুষটি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে শিখিয়েছিলেন
রাজা দেবরায়
গান্ধীজীকে নিয়ে লেখা সবচেয়ে কঠিন, কারণ গান্ধীজী কোনো ব্যক্তি নন, গান্ধীজী একটি পদ্ধতি। তিনি কী করেছেন তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি কীভাবে করেছেন। আমরা ভাবি সত্য মানে মিথ্যা না বলা। গান্ধীজীর কাছে সত্য ছিলো ঈশ্বর। তিনি বলতেন- God is Truth, পরে বললেন- Truth is God। এর মানে কী? এর মানে হলো- সত্য কোনো বক্তব্য নয়, সত্য একটি অস্তিত্ব। কেউ যখন কোনো কারখানায় ১৪ ঘণ্টা শ্রমিক খাটাচ্ছেন এবং বলছেন- আমি তো সত্যি কথাই বলছি, তখন তিনি সত্য বলছেন না, কারণ তাঁর জীবনযাপন সত্যের বিরোধী। তাই তাঁর আত্মজীবনীর নাম- The Story of My Experiments with Truth- সত্যের সঙ্গে তাঁর পরীক্ষা। সত্য তাঁর কাছে ল্যাবরেটরির মতো, যেখানে প্রতিদিন নিজেকে পরীক্ষা করতে হয়।
আমরা ভাবি অহিংসা মানে মার খেয়ে চুপ থাকা। গান্ধীজী বলতেন উল্টোটা। অহিংসা হলো সবচেয়ে বড় সাহস। তিনি দুই ধরনের অহিংসার কথা বলতেন। ১) দুর্বলের অহিংসা- যে মারতে পারে না বলে মারে না। ২) সবলের অহিংসা- যে মারতে পারে, কিন্তু মারে না, কারণ সে ঘৃণাকে জয় করতে চায়। তাই তিনি বলেছিলেন- যদি আমাকে কাপুরুষতা এবং হিংসার মধ্যে একটি বেছে নিতে হয়, আমি হিংসাকে বেছে নেব। কারণ কাপুরুষতা অহিংসা নয়। অহিংসা মানে অন্যায়কে সহ্য করা নয়, অন্যায়কে এমনভাবে আঘাত করা যাতে অন্যায়কারীও মানুষ হিসেবে বেঁচে থাকে। এখান থেকেই আসে সত্যাগ্রহ। সত্যাগ্রহ মানে Passive Resistance নয়। এর মানে হলো- সত্যের প্রতি আগ্রহ। আপনি ইংরেজের আইন ভাঙবেন, কিন্তু জেলে গিয়ে তার আইনকেই সম্মান করবেন, কারণ আপনি ব্যক্তিকে ঘৃণা করেন না, আপনি ব্যবস্থাকে বদলাতে চান।
তাঁর বই \'হিন্দ স্বরাজ\' (১৯০৯) তিনি লিখেছিলেন জাহাজে বসে, মাত্র ৯ (মতান্তরে ১০) দিনে। সেখানে তিনি বললেন- ইংরেজদের তাড়িয়ে যদি আমরা ইংরেজদের মতোই রেল, মিল, আদালত চালাই, তবে সেটা স্বরাজ নয়, সেটা ইংরেজত্ব। স্বরাজ মানে দুটি স্বরাজ- একটি বাইরের, একটি ভেতরের। ভেতরের স্বরাজ মানে নিজের লোভ, ক্রোধ, ভোগের ওপর নিয়ন্ত্রণ। যে মানুষ নিজের ওপর রাজত্ব করতে পারে না, সে দেশের ওপর রাজত্ব করতে পারে না। তাই তিনি চরকা চালাতেন। চরকা কাপড় বানানোর যন্ত্র নয়, চরকা ছিলো তাঁর কাছে ধ্যান। প্রতিটি সুতো মানে- আমি নিজে উৎপাদন করছি, আমি কারো ওপর নির্ভরশীল নই।
আজ পৃথিবীতে দুটি পক্ষ তৈরি হয়েছে- তুমি আমার দলে, না ওর দলে। গান্ধীজী বলতেন, তৃতীয় পক্ষও আছে- সত্যের পক্ষ। তিনি আজ প্রাসঙ্গিক, কারণ তিনি দেখিয়েছিলেন- কীভাবে ঘৃণা না করে বিরোধিতা করা যায়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বিরোধিতা মানেই গালাগালি বুঝি। গান্ধীজী দেখিয়েছিলেন- বিরোধিতা মানে প্রতিপক্ষকে আরও বেশি মানুষ হিসেবে দেখা, যাতে সে নিজেই লজ্জা পায়। তাই আইনস্টাইন বলেছিলেন- ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাসই করবে না যে এমন একজন রক্তমাংসের মানুষ এই পৃথিবীতে হেঁটেছিলেন।।তিনি হেঁটেছিলেন এবং দেখিয়েছিলেন যে ক্ষমতা বন্দুকের নলে থাকে না, ক্ষমতা থাকে নিজের ওপর নিয়ন্ত্রণে।
- About The Writer
- Sri Raja Debroy
Born on May 18th in Agartala, renowned writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -
- 150 Years of Umakanta Academy,
- Chhandapatan ,
- Char Line Hoye Jak,
- Electoral Reforms ,
- Thoughtful Poems,
- and Kalpana Ki Duniya ( Hindi)