SASCI প্রকল্পে পরিবহন পরিকাঠামো উন্নয়নে গতি, ৫টি নতুন মোটর স্ট্যান্ডের অনুমোদন

আগরতলা, ১০ সেপ্টেম্বর ২০২৬: ‘মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা’ (Special Assistance to States for Capital Investment—SASCI) প্রকল্পের আওতায় রাজ্যের পরিবহন দপ্তরের জন্য অনুমোদিত অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে পূর্ত দপ্তর, পরিবহন দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পর্যটন দপ্তর ও জল সম্পদ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে SASCI প্রকল্পের আওতায় পরিবহন দপ্তরের জন্য অনুমোদিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিবহন পরিকাঠামোকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতে বৈঠকে ৫টি নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় যাত্রী পরিষেবা ও যানবাহন ব্যবস্থাপনা আরও উন্নত করার ক্ষেত্রে এই নতুন মোটর স্ট্যান্ডগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে আন্তঃদপ্তরীয় সমন্বয়, কাজের গুণগত মান বজায় রাখা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

রাজ্যের পরিবহন পরিকাঠামোর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নে SASCI প্রকল্পের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।