দেশাচার বলে দুর্গামূর্তি জলে পড়লেই দশমী হয়, কিন্তু শাস্ত্রাচার তা বলে না। এই বিভ্রান্তিটা আজকের নয়, কয়েকশো বছরের। ডঃ নিরঞ্জন মিশ্রের কালিকা পুরাণোক্ত দুর্গোৎসব পদ্ধতি অনুসারে- আসল ক্রম হলো দশমীর সকালে দশমী পুজো, তারপর অপরাজিতা পুজো, তারপর দর্পণ বিসর্জন এবং তারপর ঘট বিসর্জন। দর্পণ বিসর্জনে মূর্তিকে আয়নায় দেখতে হয়, কারণ শাস্ত্রে মূর্তি নড়ানো যায় না, প্রতিবিম্বকে বিদায় দেওয়া হয়। মন্ত্র হলো- ওঁ গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং দেবি যৎ পূজিতং ময়া দেবি পরিপূর্ণং তদস্তু মে, অর্থাৎ হে দেবী তুমি তোমার শ্রেষ্ঠ স্থানে গমন করো, আমার পুজো পূর্ণ হোক। তারপর ঘট একটু নাড়িয়ে দিয়ে ঘট বিসর্জনের মন্ত্র বলা হয়- ওঁ জলে তিষ্ঠ মহামায়ে নৃণাং সন্তাপনাশিনি, যত এবাগতা দেবি তত্রৈব প্রতিগম্যতাম্, অর্থাৎ হে মহামায়ে মনুষ্যগণের দুঃখ হারিণি তুমি জলে অবস্থান করো, যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও।

এই জলে তিষ্ঠ কথাটাই বিভ্রান্তির মূল। লোকে ভাবে জলে না ফেললে দেবী জলে থাকবেন না, কিন্তু শাস্ত্রে জল মানে ঘটের জল, গঙ্গার জল নয়। দেবী তখনই ঘটের জলে গিয়ে অবস্থান করেন, মৃন্ময়ী মূর্তিতে আর থাকেন না। তাই দর্পণ বিসর্জন হলেই পুজো শেষ, বিজয়া শুরু। এরপর অপরাজিতা পুজোর পর মহিষাসুরের পুজো করা হয় এই মন্ত্রে- মহিষ ত্বং মহাবীর সর্বাভীষ্ট প্রদায়কঃ বিনাশায় মহাশত্রুন্ নমো নমঃ, অর্থাৎ মহিষ মহাবীর তুমি সব বাসনা পূরণকারী, তুমি সব শত্রুদের বিনাশ করো। মহিষকে প্রণাম করা হয় কারণ সে ছাড়া দুর্গার মহিমা প্রকাশ পেতো না। শেষে দুর্গা প্রণাম- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে ভয়েভ্যস্ত্রাহিনো দেবি দুর্গে দেবি নমোস্তুতে, অর্থাৎ সর্ব রূপে সব শক্তি নিয়ে তুমি অবস্থান করো, ভয় দূর করো হে দেবী দুর্গা তোমায় নমস্কার করি।

তত্ত্বের দিক থেকে হিন্দু পুজায় দুই সত্তা থাকে, মৃন্ময়ী ও চিন্ময়ী। মাটির মূর্তি মৃন্ময়ী, মন্ত্রের দেবী চিন্ময়ী। আবাহনে চিন্ময়ীকে মৃন্ময়ীতে আনা হয়, বিসর্জনে চিন্ময়ীকে আবার সরিয়ে নেওয়া হয়। দর্পণ বিসর্জন হলো চিন্ময়ী বিসর্জন, ঘট বিসর্জন হলো তার প্রমাণ। মাটির মূর্তি পড়ে থাকে খোলস হিসেবে, তাঁকে জলে ফেলা হলো লোকাচার, শবদেহ সৎকারের মতো। তাই শাস্ত্র বলে চিন্ময়ী গেলেই বিজয়া, লোক বলে মৃন্ময়ী গেলেই বিজয়া। দেশাচার মানে নদী প্রধান বাংলার আবেগ, গঙ্গায় মূর্তি না পড়লে বাঙালির মন খালি লাগে, শাস্ত্রাচার মানে কাশীর নিয়ম যেখানে মন্ত্রেই মুক্তি। দুটোই সত্য, একটা ভক্তের সত্য, একটা পণ্ডিতের সত্য। তাই যিনি দর্পণ বিসর্জনের পর বিজয়া জানাবেন তিনি শাস্ত্র মেনে জানাবেন, যিনি মূর্তি জলে পড়ার পর জানাবেন তিনি দেশাচার মেনে জানাবেন, কোনোটাতেই দোষ নেই।

আজ বিভ্রান্তি বাড়ছে কারণ আমরা ফেসবুকে বিজয়া জানানোর জন্য মূর্তি পড়া পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু শাস্ত্র বলছে দেবী চলে গেছেন অনেক আগেই, মাটিটা পড়ে আছে। জলে তিষ্ঠ মানে দেবীকে জলে পাঠানো নয়, দেবীকে ঘটের জলে ধরে রাখা যাতে তিনি ভক্তের ঘরে শান্তি হয়ে থাকেন। তাই মূর্তি জলে পড়লে দশমী হয় এটা লোকের বিশ্বাস, দর্পণে বিসর্জন হলেই দশমী হয় এটা শাস্ত্রের বিধান, দুটোকে মেলালেই পুজোর পূর্ণতা।

About The Writer:

Sri Raja Debroy 

Born on May 18th in Agartala, renowned writer, philosopher, and tabla player Raja Debroy writes across multiple genres and languages. A member of the London Poets Club, his published works include -

  • 150 Years of Umakanta Academy, 
  • Chhandapatan ,
  • Char Line Hoye Jak,  
  • Electoral Reforms ,
  • Thoughtful Poems, 
  • and Kalpana Ki Duniya ( Hindi)