জগদ্ধাত্রী পুজোর দর্শন
রাজা দেবরায়
জগদ্ধাত্রী পুজো কেবল একটা উৎসব নয়, এটা বাংলার আত্ম-উপলব্ধির দর্শন। জগদ্ধাত্রী শব্দের ব্যুৎপত্তি হলো জগৎ + ধাত্রী, অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন, যিনি জগতের জননী। দুর্গা যদি যুদ্ধের দেবী হন, জগদ্ধাত্রী হলেন স্থিতির দেবী। দুর্গা অসুর বধ করেন, জগদ্ধাত্রী অহং বধ করেন। এই পার্থক্যটাই তাঁর দর্শনের মূল।
জগদ্ধাত্রী পুজোর সূচনা নিয়ে তিনটি মত প্রচলিত। প্রথম মত- ১৭৬২ থেকে ১৭৬৫ সালের মধ্যে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজো শুরু করেন। কিংবদন্তি অনুসারে মহারাজা একবার দুর্গাপুজোর সময় কারাগারে বন্দি ছিলেন, দুর্গাপুজো করতে না পেরে বিষণ্ণ ছিলেন, তখন দেবী দুর্গা তাঁকে জগদ্ধাত্রী রূপে স্বপ্নে দর্শন দেন এবং কার্তিক মাসে পুজো করতে বলেন। দ্বিতীয় মত- চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ফরাসি আমল থেকে শুরু, ইন্দ্রনারায়ণ চৌধুরী ১৭৫০ সালের আশেপাশে শুরু করেন। তৃতীয় মত- তান্ত্রিক তথ্য অনুসারে দেবীর উল্লেখ কালিকা পুরাণ, কাত্যায়নী তন্ত্র ও জগদ্ধাত্রী কল্পে পাওয়া যায়, যেখানে তাঁকে দুর্গারই একটি রূপ বলা হয়েছে। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো আজও প্রাচীনতম বলে মানা হয় এবং চন্দননগরের পুজোকে বাংলার দ্বিতীয় বৃহত্তম আলোর উৎসব বলা হয়। ২০২৫ সালে চন্দননগরে ৩০০-র বেশি বড় প্রতিমা পুজো হয়েছে।
জগদ্ধাত্রী তত্ত্ব বুঝতে হলে ত্রিগুণ তত্ত্ব বুঝতে হবে। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো যা সত্ত্ব গুণের প্রতীক। তাঁর চার হাতে চারটি প্রতীক- শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। শঙ্খ হলো প্রাণ, চক্র হলো সময়, ধনুক ও বাণ হলো লক্ষ্য ও একাগ্রতা। তিনি সিংহের পিঠে বসে আছেন, কিন্তু সিংহের নীচে একটি হাতি, যার নাম করীন্দ্রাসুর। সিংহ হলো সত্ত্ব গুণ, হাতি হলো তমস গুণ বা অহংকার ও অজ্ঞানতা। জগদ্ধাত্রী সিংহের মাধ্যমে হাতি রূপী অহংকারকে দমন করছেন। দুর্গা মহিষাসুর বধ করেন, জগদ্ধাত্রী করীন্দ্রাসুর বধ করেন- মহিষ হলো বাহ্যিক শত্রু, হাতি হলো ভেতরের শত্রু, অর্থাৎ আমার আমি। তাই তন্ত্রে বলা হয় দুর্গা পুজো করলে শত্রু মরে, জগদ্ধাত্রী পুজো করলে আমি মরি, অহংকার মরে।
দর্শনের দিক থেকে জগদ্ধাত্রী হলো উপনিষদের দর্শন। কেন উপনিষদে বলা হয়েছে- দেবতারা একবার নিজেদের শক্তি নিয়ে অহংকার করেছিলেন, তখন ব্রহ্ম একটি তৃণখণ্ড রেখে বলেন এটি সরাও- অগ্নি, বায়ু, ইন্দ্র কেউ সরাতে পারেননি, তখন তাঁরা বুঝতে পারেন তাঁদের শক্তি তাঁদের নিজের নয়, এক মহাশক্তির দান। সেই মহাশক্তিই জগদ্ধাত্রী। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন- জগদ্ধাত্রী রূপের মানে হলো যিনি জগৎকে ধরে আছেন, তিনি ধরে না থাকলে জগৎ পড়ে যাবে। তিনি সারদা মাকে জগদ্ধাত্রী রূপে পুজো করতেন এবং বলতেন ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। অর্থাৎ জগদ্ধাত্রী জ্ঞানের দেবী, যিনি অহংকার নাশ করে জ্ঞান দেন।
দুর্গা, কালী ও জগদ্ধাত্রী তিনজনই একই শক্তি, কিন্তু তিন সময়ের প্রতীক। দুর্গা শরৎকালে, যখন ফসল কাটা হয়, শক্তির প্রকাশ। কালী কার্তিকের অমাবস্যায়, যখন অন্ধকার সবচেয়ে বেশি, শক্তির সংহার। জগদ্ধাত্রী কার্তিকের শুক্লা নবমীতে, যখন অন্ধকার কেটে আলো আসছে, শক্তির ধারণ। কৃষি তত্ত্বে- শরৎ হলো ফসল রক্ষা, হেমন্ত হলো ফসল তোলা, অর্থাৎ দুর্গা রক্ষা করেন, জগদ্ধাত্রী ধারণ করেন। তাই কৃষি সমৃদ্ধ অঞ্চলে জগদ্ধাত্রী পুজো বেশি জনপ্রিয়।
আজকের পৃথিবী অহংকারের পৃথিবী- দেশের অহংকার, টাকার অহংকার, জ্ঞানের অহংকার। জগদ্ধাত্রী শেখায় জগৎ তোমার নয়, তুমি জগতের। তুমি জগৎকে ধরে নেই, জগদ্ধাত্রী তোমাকে ধরে আছে। যে হাতি আজকের কর্পোরেট অহংকার, রাজনৈতিক অহংকার, সোশ্যাল মিডিয়ার আমি, তাকে দমন না করলে সিংহ রূপী বিবেক জাগবে না। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়- জগদ্ধাত্রী হলেন সেই মা যিনি সন্তানকে কোলে নয়, পিঠে নয়, বুকে ধারণ করেন, পড়তে দেন না।
রামকৃষ্ণ মিশনে জগদ্ধাত্রী পুজো আজও বৈদিক মতে হয়, পশুবলি নেই, কেবল জ্ঞান ও ভক্তি, এটাই তার আধুনিক রূপ। জগদ্ধাত্রী পুজোর দর্শন হলো ধারণের দর্শন। দেবী দুর্গা যুদ্ধ শেখায়, দেবী জগদ্ধাত্রী স্থির থাকা শেখায়। জীবন কেবল যুদ্ধ জয় নয়, জীবন হলো যুদ্ধের পরেও জগৎকে ধরে থাকা, বিশ্বাসে বাঁচা।
Discussion