পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

শান্তিরবাজার, ৩১ আগস্ট ২০২৬: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের পাঞ্জীরায় মগ পাড়ায় ভাল্লুকের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, রবিবার সকালে পাঞ্জীরায় মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ ও তাঁর সহধর্মিণী অংসানো মগ নিকটবর্তী এলাকায় রাবার বাগান পরিষ্কার করতে যান। সেই সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের উপর আক্রমণ করে। ভাল্লুকের কামড়ে দু’জনেই গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত স্বামী-স্ত্রী দু’জনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।